ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের দৌড় থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এফএফএফ সভাপতি ফিলিপ ডিয়ালো এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এফএফএফ-এর নির্বাহী কমিটিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সাংবাদিকদের সামনে ডিয়ালো বলেন, ফিফা সভাপতির ওপর যে আস্থা ছিল, তা এখন খর্ব হয়েছে। বর্তমান নেতৃত্বের পরিচালনার ধরণ যেভাবে বিশ্ব ফুটবল পরিচালিত হওয়া উচিত, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি উল্লেখ করেন, জুন মাসের শেষভাগে যখন ইনফান্তিনো একমাত্র প্রার্থী ছিলেন, তখন ফ্রান্স তার প্রার্থিতাকে সমর্থন জানিয়েছিল। তবে পরবর্তী ঘটনাপ্রবাহ পরিস্থিতি বদলে দিয়েছে। ডিয়ালো বলেন, তার প্রার্থিতায় সমর্থন বজায় রাখার মতো পরিবেশ আর অবশিষ্ট নেই।
ইনফান্তিনোর সমালোচনা করে এফএফএফ সভাপতি বলেন, সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে কোনো প্রকার পূর্ব পরামর্শ বা পর্যাপ্ত তথ্য প্রকাশ না করেই ফিফার বিভিন্ন প্রতিযোগিতার ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এই বিতর্কিত প্রস্তাবটি ফিফার সুশাসন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ওপর বড় ধরনের প্রশ্নচিহ্ন একে দিয়েছে। তীব্র বিরোধিতার মুখে গত জুলাই মাসে ফিফা প্রধান সেই প্রস্তাব থেকে পিছু হটতে বাধ্য হয়েছিলেন।
ইনফান্তিনোর সেই বিতর্কিত প্রস্তাব ভেস্তে যাওয়ার পর থেকে ইংল্যান্ড ও ইতালিসহ ইউরোপের একাধিক শীর্ষ ফুটবল ফেডারেশন তার ওপর থেকে সমর্থন গুটিয়ে নিয়েছে। এছাড়া উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর আমেরিকার ‘কনকাকাফ’ ফিফার শীর্ষ পর্যায়ে পরিবর্তনের দাবি জানিয়েছে। আগামী মার্চের নির্বাচনকে সামনে রেখে তারা এখন একজন নির্ভরযোগ্য ও শক্ত বিকল্প প্রার্থীর সন্ধানে রয়েছে।
ডিয়ালো জানান, ফ্রান্সের এই অবস্থান উয়েফাসহ বিশ্ব ফুটবলের বৃহত্তর আন্দোলনেরই অংশ। এখন মূল আলোচনা হবে ফিফার প্রশাসনিক সংস্কার এবং ইনফান্তিনোকে পরাজিত করার মতো উপযুক্ত প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে। তিনি আরও বলেন, কেবল সমালোচনা করাই যথেষ্ট নয়, ফিফার আগামী নেতৃত্ব কেমন হবে সে বিষয়ে উয়েফাকে একটি স্পষ্ট দিকনির্দেশনা তৈরি করতে হবে এবং যথাসময়ে প্রার্থী বাছাই করতে হবে। ফিফা সভাপতি পদে জয়ের সক্ষমতা রাখে এমন প্রার্থিতা দাঁড় করানোর জন্য আগেভাগেই প্রস্তুত থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন।





