বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে সরকারি বিএম কলেজের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম রুনা আক্তার (২৮)। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের দিনই বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক সংলগ্ন নতুন রাস্তা এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসের ১ তারিখে রুনা আক্তার ওই বাসাটি ভাড়া নেন। বাসা ভাড়ার সময় তিনি তার স্বামী শাওন পুলিশে কর্মরত বলে পরিচয় দিয়েছিলেন। বাড়ির মালিকের স্ত্রী জানান, বাসা ভাড়া নেওয়ার পর থেকে রুনার স্বামী সশরীরে সেখানে না এলেও রুনার মাধ্যমে ভিডিও কলে তাদের সঙ্গে কথা বলেছিলেন। তবে বাসা ভাড়ার জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্র দেওয়ার কথা থাকলেও তা এখনও দেওয়া হয়নি।
কলেজছাত্রীর মৃত্যুর খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা সেখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।





