রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় এস কে টাওয়ার (এস কে শপিং মল)-এর পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাত তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আগুনের খবর পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি অগ্নিনির্বাপক ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সকালের দিকে ওই পুরাতন ভবনে হঠাৎ আগুন লাগার খবর মেলে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডিতে একটি বহুতল ভবনে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। খবর পাওয়ার পর মাত্র ১০ মিনিটের ব্যবধানে (সকাল ১০টা ১৫ মিনিটে) ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ধানমন্ডি-২৭ নম্বরে ৬ তলা ভবনের তৃতীয় তলায় অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।





