জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের চালানো রাতভর হামলায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওয়ারথগ’ নামে পরিচিত এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমানের একটির ডানা এই হামলায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে পরে এসব বিমান পুনরায় কাজে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সিবিএসের প্রতিবেদক জেনিফার জ্যাকবস এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
জেনিফার জ্যাকবস জানান, হামলার সময় জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি রক্ষায় মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলার প্রেক্ষাপট হিসেবে তিনি উল্লেখ করেন যে, এর আগে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছিল। মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ লক্ষ্যবস্তু হওয়ার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ওই হামলা পরিচালনা করেছিল।
জ্যাকবসের ভাষ্য অনুযায়ী, ইরানের এই পাল্টা হামলার আওতায় জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোও ছিল। এদিকে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছে, তারা আটটি তেলবাহী জাহাজ এবং দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। তাদের লক্ষ্যবস্তুর তালিকায় জর্ডানে অবস্থিত ওই মার্কিন বিমানঘাঁটিও অন্তর্ভুক্ত ছিল।





