ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
আইসিইউর মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার শারীরিক অবস্থার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং চিকিৎসকরা নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এর আগে গত সোমবার দিয়াগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনার পর চিকিৎসকরা বিষক্রিয়ার আশঙ্কায় তার পাকস্থলী ওয়াশ (স্টমাক ওয়াশ) করেছিলেন।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। মঙ্গলবার বিকেল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে চিকিৎসকরা তাকে আইসিইউতে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন।





