প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ এএম। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে দুটি মার্কিন জাহাজ এবং ৮টি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম আইআরজিসির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিশোধ হিসেবেই তাদের নৌবাহিনী এই পাল্টা হামলা চালিয়েছে।
ঘটনার বিস্তারিত বর্ণনায় আইআরজিসি আরও দাবি করেছে যে, তারা এ সময় আরও ১০টি 'নিয়ম লঙ্ঘনকারী জাহাজ'কে লক্ষ্যবস্তু করেছে। তাদের অভিযোগ, মার্কিন প্ররোচনা ও সহায়তায় এই জাহাজগুলো হরমুজ প্রণালির একটি নিষিদ্ধ ও অনিরাপদ এলাকায় প্রবেশের চেষ্টা করছিল।
আইআরজিসি জোর দিয়ে বলেছে যে, হরমুজ প্রণালি এখনো তাদের শক্তিশালী নজরদারি ও ব্যবস্থাপনার আওতায় রয়েছে। তবে হামলার এসব দাবি নিরপেক্ষ কোনো উৎস থেকে এখনো যাচাই করা সম্ভব হয়নি।





