গুলশান সেন্ট্রাল পার্কের চুক্তি নিয়ে হাইকোর্টের রুল

প্রকাশ:

রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্ক পরিচালনার জন্য রাজউক এবং গুলশান ইয়ুথ ক্লাবের মধ্যে স্বাক্ষরিত চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, ব্যারিস্টার নিশাত মাহমুদ এবং মুহাম্মদ আওলাদ হোসেন। রিটটি করা হয়েছিল পরিবেশবিদ ড. আদিল মুহাম্মদ খান, ফিরোজ আহমেদ, আমিরুল রাজিব ও সৈয়দা শাহীন মাহবুবের পক্ষে।

আবেদনে অভিযোগ করা হয়েছে, রাজউক ও গুলশান ইয়ুথ ক্লাবের মধ্যকার সমঝোতা চুক্তির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে পার্ক ও মাঠ ব্যবহারের জন্য অর্থ আদায়ের সুযোগ দেওয়া হয়েছে, যা মাঠ, পার্ক ও জলাধার সংরক্ষণ-সংক্রান্ত আইনের পরিপন্থী। এছাড়া, গুলশান ইয়ুথ ক্লাব ওই এলাকায় আইন এবং আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে বলেও রিটে উল্লেখ করা হয়।

শুনানি শেষে আদালত ওই চুক্তির মাধ্যমে অর্থ আদায় এবং বেআইনি স্থাপনা নির্মাণের কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন। একই সঙ্গে, মাস্টারপ্ল্যান লঙ্ঘন করে নির্মিত স্থাপনাগুলো চিহ্নিত করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, সেই মর্মেও রুল জারি করেছেন আদালত।

এই রিট মামলায় গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, বাংলাদেশ পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে বিবাদী করা হয়েছে। আদালত সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন