সাভারে এসআই হত্যায় র‍্যাবের হাতে ৮ জন গ্রেপ্তার

প্রকাশ:

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় র‍্যাব এ পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রোববার রাতে র‍্যাব-১০ মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে চারজনকে এবং র‍্যাব-৪ আমিনবাজার থেকে আরও চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মুন্সিগঞ্জ থেকে আটককৃতরা হলেন আলাউদ্দিন, আপন, জিহাদ ও ইমরান। অন্যদিকে আমিনবাজার থেকে গ্রেপ্তারকৃতরা হলেন নূর মোহাম্মদ রুদ্র, রাকিব মিয়া, ছাব্বির আহম্মেদ ও ওয়াসিম।

র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, একটি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে গ্যারেজের মালিককে মারধরের ঘটনা থেকে এই হত্যাকাণ্ডের সূত্রপাত। এ সময় এসআই আলতাব হোসেন গ্যারেজের মালিককে মারধরের প্রতিবাদ করলে হামলাকারীরা তার ওপর ক্ষিপ্ত হয়। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে আলতাব হোসেন নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন, কিন্তু তাতে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে।

র‍্যাবের ভাষ্যমতে, আলতাব হোসেন হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন না; তিনি কেবলমাত্র একজন বৃদ্ধকে রক্ষা করতে গিয়ে প্রতিবাদ করেছিলেন। প্রাণ বাঁচাতে তিনি তার ছেলের পোশাক কারখানার ভেতরে আশ্রয় নিলেও হামলাকারীরা গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর দেশি অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আলতাব হোসেন ও তার ছেলে আরিফুলকে তারা মারধর করে এবং কারখানার আসবাবপত্র ও মেশিন ভাঙচুর করে।

তদন্তে উঠে এসেছে যে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আপন ও জিহাদ ওই এলাকার কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন এবং তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আলাউদ্দিন এসআই আলতাব হোসেনের ওপর প্রথম আঘাত করেন, জিহাদ চাকু দিয়ে আঘাত করেন এবং মূল হোতা আপন এসএস পাইপ দিয়ে তার মাথায় আঘাত করেন। এছাড়া ইমরানও ওই গণপিটুনিতে অংশ নিয়েছিলেন। এজাহারভুক্ত মোট ১৫ জন আসামির মধ্যে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

শেয়ার করুন