মানবাধিকার কমিশন বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

প্রকাশ:

জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসের প্রক্রিয়ার প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিলটিকে ‘দুর্বল’ ও ‘দ্বৈত নীতির’ দলিল হিসেবে আখ্যা দিয়ে তারা সংসদ কক্ষ ত্যাগ করেন। রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এই ঘটনা ঘটে।

বিলটি পাসের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সাধারণ নাগরিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আইনটিতে বৈষম্যমূলক বিধান রাখা হয়েছে। তিনি বলেন, মানবাধিকার কমিশনকে একটি ‘ইউনিফর্ম অথরিটি’ বা অভিন্ন কর্তৃত্ব প্রদান করা হয়নি।

ডা. শফিকুর রহমান বলেন, সাধারণ মানুষ মানবাধিকার লঙ্ঘন করলে কমিশন সরাসরি তদন্ত করতে পারবে, কিন্তু কোনো বাহিনীর সদস্য জড়িত থাকলে আগে তাদের নোটিশ দিয়ে জবাব চাইতে হবে। তিনি এই প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, প্রথমবার তারা জবাব না দিলে কী হবে, আইনে তার কোনো নির্দেশনা নেই। দ্বিতীয়বার জবাব না দিলে তবেই কমিশন তদন্ত করতে পারবে- এটা একটা বড় ফাঁক।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরাও এ দেশের নাগরিক, তাই একই অপরাধে একজনের জন্য সরাসরি তদন্ত করা যাবে আর অন্যজনের ক্ষেত্রে তদন্ত আটকে যাবে—এমন দ্বৈত প্রয়োগ হতে পারে না। সরকার এই আইনগুলোকে শক্তিশালী করে আনার প্রতিশ্রুতি দিলেও তা করা হয়নি বলে তিনি মন্তব্য করেন।

আমরা এই দুর্বল আইন পাসের অংশীদার হতে চাই না—এই ঘোষণা দিয়ে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান। বিরোধী দলের সদস্যদের ওয়াকআউট করার সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আপনাকেও ওয়াকআউট করার জন্য ধন্যবাদ। এরপর স্পিকারের আহ্বানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬’ স্থায়ী কমিটির সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য সংসদে প্রস্তাব উত্থাপন করেন।

শেয়ার করুন