ভারতের রাজধানী দিল্লিতে একটি ছয়তলা ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ভবনটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পরপরই স্থানীয় পুলিশ, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। দিল্লি পুলিশের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকারীরা সময়ের সাথে পাল্লা দিয়ে ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ভবনটি থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভবনটি ৭৫ শয্যার একটি পেয়িং গেস্ট (পিজি) আবাসন হিসেবে ব্যবহৃত হতো। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, এটি ‘হোস্টেল ডেজ’ নামের পুরুষদের একটি পিজি ছিল। রবিবার ছুটির দিন হওয়ায় ভবনটির ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জানিয়েছেন, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য আর্তনাদ শুনতে পেয়েছেন। পরিস্থিতি এতটাই জরুরি যে, উদ্ধারকারী দল ও যন্ত্রপাতির অপেক্ষা না করেই স্থানীয়রা হাত দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন। প্রাথমিক দৃশ্যে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছেন এবং দমকলকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।





