ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে সাভারের আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহিরুল ওই হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে থাকা একটি প্রাইভেটকারের মালিক বলে জানা গেছে।
নিহত আলতাফ হোসেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে এবং সপরিবারে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় একটি প্রাইভেটকারের আরোহীরা এক রিকশাচালককে মারধর করছিল। এসআই আলতাফ হোসেন এই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে রিকশাচালককে রক্ষায় এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারের লোকজন স্থানীয় আরও কয়েকজনকে ডেকে আনে এবং পুলিশ সদস্য আলতাফের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, এসবি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রাইভেটকারের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের প্রয়োজনে বাকি আসামিদের নাম-পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না, তবে তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। পুলিশ নিশ্চিত করেছে যে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদেরও শনাক্ত করা সম্ভব হয়েছে।





