প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৪৩। পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, দেশটির বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের ‘দ্রুত ও সমুচিত জবাব’ দেওয়া হবে। পাকিস্তানের প্রতিরক্ষা ও শহীদ দিবসের ৬১তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা দেশের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী ‘সম্পূর্ণ প্রস্তুত’ রয়েছে। সামরিক বাহিনী আরও জানায়, পাকিস্তান এই অঞ্চলে ‘শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি’ চায় এবং ‘দায়িত্বশীল আচরণ ও শান্তিপূর্ণ সহাবস্থানে’ প্রতিশ্রুতিবদ্ধ। তবে বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, এই শান্তিপূর্ণ অবস্থানের প্রতিশ্রুতিকে কোনোভাবেই দুর্বলতা হিসেবে ভুল করা উচিত নয়।
অনুষ্ঠানে সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবর সিধু, ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার জেনারেল সৈয়দ আমের রাজা এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তারা শহীদদের পরিবারের সদস্য, যুদ্ধে আহত সেনাসদস্য এবং যারা বীরত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিরক্ষা ও শহীদ দিবস উপলক্ষে সামরিক বাহিনী পাকিস্তান ও এর জনগণের প্রতি অবিচল দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আইএসপিআর বলেছে, ‘আমাদের শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ, গাজিদের চেতনা এবং তাদের পরিবারের দৃঢ়তা চিরকাল জাতীয় শক্তি ও গৌরবের উৎস হয়ে থাকবে।’





