৬৪ জেলায় বিচারকদের জন্য নির্মিত হবে বহুতল আবাসিক কমপ্লেক্স

প্রকাশ:

দেশের ৬৪টি জেলা এবং ৮টি মহানগরে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে সরকার বহুতল আবাসিক কমপ্লেক্স নির্মাণের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানভেদে এসব ভবন ১০ থেকে ১৫ তলা বিশিষ্ট করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত ২ সেপ্টেম্বর (বুধবার) আইন ও বিচার বিভাগের পরিকল্পনা ইউনিট থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে প্রতিটি জেলায় দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং বিভিন্ন বিশেষ ট্রাইবুনালে প্রায় ৩০ থেকে ৫০ জন বিচারক কর্মরত রয়েছেন। তবে অধিকাংশ জেলায় বিচারকদের জন্য পর্যাপ্ত সরকারি আবাসনের ব্যবস্থা না থাকায় তাদের ভাড়া বাসায় থাকতে হয়। স্পর্শকাতর মামলা পরিচালনার ক্ষেত্রে ভাড়া বাসায় অবস্থান বিচারক ও তাদের পরিবারের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে।

এই প্রকল্পের আওতায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন আবাসিক কমপ্লেক্সগুলোতে সিসিটিভি ক্যামেরা, নির্দিষ্ট প্রবেশপথ এবং সার্বক্ষণিক সশস্ত্র পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইন ও বিচার বিভাগ জানিয়েছে, অনেক জেলায় জেলা জজশিপের নিজস্ব পর্যাপ্ত জায়গা রয়েছে। এসব জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ভবন নির্মাণ করা হলে বর্তমান সংকটের পাশাপাশি ভবিষ্যতের বর্ধিত চাহিদাও পূরণ করা সম্ভব হবে।

প্রকল্প বাস্তবায়নের জন্য জেলা ও দায়রা জজদের তাদের আওতাধীন আদালত প্রাঙ্গণ অথবা পুরাতন কোর্ট ও মুন্সেফ কোর্ট প্রাঙ্গণে কতটুকু জায়গা খালি আছে, তার বিস্তারিত বর্ণনা ও স্থানিক নকশা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। যদি আদালত প্রাঙ্গণে পর্যাপ্ত জায়গা না থাকে, তবে জেলা জজ আদালত ভবনের এক কিলোমিটারের মধ্যে ভূমি অধিগ্রহণ করা যায়—এমন জায়গার ধারণা দেওয়ার জন্যও বলা হয়েছে। এছাড়া নির্বাচিত স্থানগুলোর ডিজিটাল সার্ভে করার জন্য সংশ্লিষ্ট জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন