আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে গ্রেফতারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর আদালত প্রাঙ্গণে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাবিল ইউসুফ, সিনিয়র সদস্য সচিব আব্দুলা আল মহিন, ছাত্রশক্তি গাজীপুর মহানগরের সংগঠক সামিউল আলম নাবিল, ছাত্রশক্তি গাজীপুর জেলার সংগঠক বশির আহমেদ অপু, এনসিপির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান তন্ময় এবং ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফরিনা শেখসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সিফাত আব্দুল্লাহর গ্রেফতারের ঘটনাকে উদ্বেগজনক বলে আখ্যায়িত করেন। তারা বলেন, সিফাতের বিরুদ্ধে মতপ্রকাশ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে প্রচলিত আইনে তা নিরপেক্ষভাবে তদন্ত করা যেতে পারে। তবে একজন নাগরিকের সাংবিধানিক অধিকার ও ন্যায়বিচার পাওয়ার সুযোগ যাতে ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করা জরুরি। তারা সিফাতের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের প্রকৃত বিষয় তদন্তের মাধ্যমে স্পষ্ট করার এবং আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে ন্যায়বিচারের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
একইসাথে এনসিপির নেতারা অভিযোগ করেছেন যে, সিফাতের মুক্তির দাবিতে গাছা থানায় গেলে তাদের কয়েকজন নেতাকর্মী হেনস্তার শিকার হয়েছেন। তারা এ ঘটনারও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, আইনের শাসন ও সাংবিধানিক অধিকার সমুন্নত রেখেই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত এবং আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।
সিফাত আব্দুল্লাহর মুক্তি ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে এনসিপি নেতারা তাদের কর্মসূচি সমাপ্ত করেন।





