বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৯৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৮৮ জনের। সবশেষ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ১ লাখ ৬২ হাজার ২৬২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১১৪ জনের। একই সময়ে ৪০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৬৭ জনে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, হামের উপসর্গে সবচেয়ে বেশি ৪০০ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৫২ জন, রাজশাহীতে ৯২ জন, ময়মনসিংহে ৭৫ জন, চট্টগ্রামে ৬৪ জন, বরিশালে ৫৬ জন, খুলনায় ৩৫ জন এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক আলাদা কোনো তথ্য নেই। তবে রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারে, যদিও শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে হওয়া প্রতিটি মৃত্যুকে হামজনিত মৃত্যু হিসেবেই বিবেচনা করা হচ্ছে।





