ধর্ম পালনে মাস্তানি বরদাস্ত নয়: আইনমন্ত্রী

প্রকাশ:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে, অকুতোভয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরণের বাধা বিপত্তি বা মাস্তানির কোনো সুযোগ দেওয়া হবে না। যারা এ ধরণের কাজে যুক্ত হবে, তথ্য পাওয়া মাত্রই তাদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা রামগোপাল মন্দির চত্বরে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রায় ৫ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। অশুভ শক্তি ও সকল অপশক্তির বিনাশের উদ্দেশ্যেই তার জন্ম হয়। তিনি বিশ্বাস করেন, অশুভ শক্তি ও দেশের সকল অপশক্তির বিরুদ্ধে কাজ করার সময় সনাতন ধর্মাবলম্বীরা সরকারের পাশে থাকবেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে তাদের আনন্দ উৎসব, ভক্তি-শ্রদ্ধা, আবেদন-নিবেদন এবং ধর্মের প্রতি আস্থা-বিশ্বাসের জায়গাটিতে তিনি সংহতি প্রকাশ করতে এসেছেন। তিনি আশ্বস্ত করেন যে, সরকার তাদের উৎসব পালনে পাশে আছে এবং ধর্ম পালনে সুন্দর পরিবেশ বজায় রাখার ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থান রয়েছে।

পরে আইনমন্ত্রী জন্মাষ্টমীর উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নেন। শোভাযাত্রাটি শৈলকুপা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমে মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন