সৌদি আরবে ৩ দিন নিজ কক্ষে পড়ে ছিল প্রবাসীর লাশ

প্রকাশ:

সৌদি আরবের আবহা শহরে সোহাগ রানা (৪২) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর টানা তিন দিন তার মরদেহ নিজ শয়নকক্ষে পড়ে ছিল। খবর পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে সৌদি পুলিশ বাসা থেকে তার লাশ উদ্ধার করে। আজ শুক্রবার সকালে নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

মৃত সোহাগ রানা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাফেজ উল্যাহ মিয়ার বাড়ির বশির উল্যাহর ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তার মামাতো ভাই ও সৌদি প্রবাসী সৈয়দ রিগান জানান, সোহাগ সাত বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবে বসবাস করছিলেন। এর আগে তিনি দুবাইয়ে ছিলেন। গত কয়েক মাস ধরে সোহাগের আকামা ছিল না এবং পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। এসব নথিপত্র নবায়নের জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, যা নিয়ে তিনি বেশ হতাশায় ভুগছিলেন।

গত সোমবার (৩১ আগস্ট) থেকে তিনি তার কর্মস্থলে যাননি। প্রথম দিন তাকে দোকানে না দেখে সহকর্মীরা অসুস্থ ভেবেছিলেন। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় দিনেও না আসায় তারা সোহাগের কফিলকে বিষয়টি জানান। পরে কফিল ও অন্যরা তার বাসায় গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে স্ট্রোকে সোহাগের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছে।

শেয়ার করুন