যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কর্মসূচি ‘ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’-এর ২০২৭-২৮ সেশনের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের প্রায় ১৬০টি দেশ থেকে প্রতিবছর প্রায় চার হাজার শিক্ষার্থীকে এই বৃত্তির আওতায় যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা টিউশন ফি, মাসিক উপবৃত্তি, বিমানে যাতায়াতের খরচ, বইপত্র কেনার খরচ ও ভিসা সহায়তাসহ বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন।
ঢাকার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কর্মসূচির মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা। বিভিন্ন বিষয়ে ডিগ্রি অর্জনের জন্য এই বৃত্তি দেওয়া হয়, যার মধ্যে রয়েছে হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিস, বিজনেস, ইকোনমিকস, পাবলিক পলিসি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, আরবান প্ল্যানিং, দ্য আর্টস, সাইকোলজি, সিকিউরিটি স্টাডিজ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন।
আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এছাড়া যে বিষয়ে পড়তে ইচ্ছুক, সেই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই আবেদনের সময় বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে ইন্টারনেটভিত্তিক (আইবিটি) টোয়েফলে ন্যূনতম ৯০ কিংবা আইইএলটিএস-এ ন্যূনতম ৭ স্কোর থাকতে হবে। এছাড়া বর্তমানে আমেরিকায় কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি থাকা বা বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
আবেদনের প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন করতে হবে: ৩. অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ৪. উচ্চমাধ্যমিক শিক্ষা–পরবর্তী সময়ে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র সংগ্রহ করতে হবে। ৫. তিনজন সুপারিশকারীর পৃথক সুপারিশপত্র এবং ৬. একাডেমিক রেকর্ডবিষয়ক তথ্যাদির ফরম পূরণ করে জমা দিতে হবে। এছাড়া জিআরই বা জিম্যাট স্কোর থাকলে তা আবেদনের সঙ্গে জমা দেওয়া যাবে। যোগ্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কনিষ্ঠ অনুষদ সদস্য এবং সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বা বুদ্ধিবৃত্তিক সংস্থায় কর্মরত কনিষ্ঠ থেকে মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হয়।
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে। বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের লিংক মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এছাড়া প্রয়োজনে dhakausexchanges@state.gov ঠিকানায় যোগাযোগ করা যাবে।





