সিরাজগঞ্জ আদালতে পুলিশকে ধাক্কা দিয়ে হাজতি আসামির পলায়ন

প্রকাশ:

সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে আব্দুল মমিন (২২) নামে এক হাজতি আসামি পালিয়ে গেছে। আব্দুল মমিন সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আব্দুস সবুরের ছেলে। ঘটনাটি ঘটেছে যখন ওই পুলিশ সদস্য তাকে হাতকড়া পরানোর চেষ্টা করছিলেন। একপর্যায়ে আব্দুল মমিন পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফিয়ে নিচে পড়ে দ্রুত পালিয়ে যান।

ঘটনার পরপরই কোর্ট পুলিশ পৌর এলাকার দিয়ার ধানগড়া এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করেছিল। তবে যাচাই-বাছাই শেষে পলাতক আসামির সঙ্গে তার মিল না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানী জানান, আদালতে নিয়ে আসার পর ওই আসামিকে দ্বিতীয় তলার হাজতখানায় রাখা হয়েছিল। সেখানে অন্য আরেকজন আসামিকে ঢোকানোর সময় সে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায় এবং দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া হাজতি আসামিকে গ্রেফতারে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।

শেয়ার করুন