প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০৯
শরীয়তপুর সদর উপজেলায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নুর হোটেল ইন্টারন্যাশনালের ছয়তলা ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় প্রাণ বাঁচাতে হোটেলের ভেতরে থাকা ১৭ জন ভবনের ছাদে আশ্রয় নেন। খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং ছাদে আটকে থাকা ১৭ জনকে নিরাপদে উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে পাঁচজন আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া হোটেলের নিচতলায় পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় নিচতলার পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে। প্রথমে গাড়িটির একটি চাকা বিস্ফোরিত হয় এবং কিছুক্ষণ পর গাড়িতে থাকা সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে আগুন মুহূর্তের মধ্যে পুরো পার্কিং এলাকা ও ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু সরকার ও ফায়ার সার্ভিস ইন্সপেক্টর শংকর বিশ্বাস জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আটকে পড়াদের উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।





