দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে চট্টগ্রাম-২ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে সরোয়ার আলমগীর রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে রক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সরোয়ার আলমগীর বিজয়ী হলেও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে ঋণখেলাপির অভিযোগ আনা হয়। এই অভিযোগের কারণে তার প্রার্থিতা ও নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে দীর্ঘ আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল। তবে বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ বলে রায় প্রদান করেন। হাইকোর্টের রায়ের পরপরই নির্বাচন কমিশন সচিবালয় থেকে চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের পরই তার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।





