বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ গ্রেপ্তার ৫

প্রকাশ:

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের এক সদস্যসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে বনানী থানাধীন ‘এ’ ব্লকের ৪ নম্বর রোডের খায়ের প্যালেসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)। ডিবি সূত্রে জানা গেছে, মাসুদ রানা র‍্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াড বিভাগে সৈনিক হিসেবে কর্মরত। প্রায় ৪৫ সদস্যের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত এক জোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ ও একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিবি কর্তৃক মাসুদ রানাকে গ্রেপ্তারের পর তাকে র‍্যাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার অনুসন্ধানে একজন মেজরের নেতৃত্বে র‍্যাবের পক্ষ থেকে একটি তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে এবং ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তারা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস কোথায় এবং তাদের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন