নোয়াখালীতে মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ

প্রকাশ:

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক, কিশোর অপরাধ এবং স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক ও সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি উন্নত চরিত্র গঠনের শপথ গ্রহণ করে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কায়েসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান এবং বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুজ্জামান।

অনুষ্ঠানে পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের পাশাপাশি মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা এবং স্মার্টফোনের অপব্যবহার না করার বিষয়ে শপথ পাঠ করান।

আয়োজক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ জানায়, তারা গত ১৫ বছর ধরে দেশের ৬৪টি জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি শিক্ষার্থীদের টিফিনের টাকা সাশ্রয় করে তাদের কার্যক্রম পরিচালনা করে। এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে সংগঠনটি।

শেয়ার করুন