কুড়িগ্রামে প্রস্তাবিত ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’-এর সাথে সোনাহাট স্থলবন্দরের যোগাযোগব্যবস্থা, দূরত্ব এবং পণ্য পরিবহনের সামগ্রিক সম্ভাবনা যাচাই করার লক্ষ্যে ভুটানের একটি উচ্চপর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধি দল স্থলবন্দরটি পরিদর্শন করেছে। বুধবার বিকেলে প্রতিনিধি দলটি সোনাহাট স্থলবন্দরে পৌঁছায়।
ভুটানের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভুটানের জিএমসিএর উপপরিচালক (আন্তর্জাতিক ও কৌশলগত বিষয়াদি) কালদেন দর্জি, সহযোগী পরিচালক নিম এলহাম এবং রয়্যাল ভুটানিজ দূতাবাসের মিনিস্টার-কাউন্সিলর (বাণিজ্য) দাওয়া শেরিংসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শনকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন, সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপারী এবং সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম আকন্দসহ স্থানীয় প্রশাসনিক ও ব্যবসায়িক প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সকালে প্রতিনিধি দলটি চিলমারী নৌবন্দরও পরিদর্শন করে। মূলত সড়ক ও নৌপথে পণ্য আনা-নেওয়ার সম্ভাব্যতা যাচাই করতেই এই দুটি বন্দর পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়।





