সেপ্টেম্বরজুড়ে তাপমাত্রা বাড়ার ও তাপপ্রবাহের পূর্বাভাস

প্রকাশ:

চলতি সেপ্টেম্বর মাসে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানকারী বিশেষজ্ঞ কমিটির সভায় এই তথ্য জানানো হয়েছে। এ মাসে দেশে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে মৃদু তাপপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ৩ থেকে ৫ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

সামুদ্রিক আবহাওয়ার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।

নদ-নদীর স্বাভাবিক প্রবাহ সেপ্টেম্বর মাসে বজায় থাকার সম্ভাবনা থাকলেও ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে।

শেয়ার করুন