চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ল্যাপটপ প্রদান করা হবে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন ও তার মিডিয়া সেলের পক্ষ থেকে এক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং তাদের মেধা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
এর আগে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ড. মিলন জানান, শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে এবং পড়াশোনায় মনোযোগী করতে প্রধানমন্ত্রী ১ লাখ ১৬ হাজার ট্যাব দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন। ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও জানান, মাধ্যমিক পর্যায়ের প্রায় ১৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করতে বিশেষ উপহার হিসেবে 'পিংকি মোটরসাইকেল' প্রদানের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সেই ফলাফলে সব বোর্ড মিলিয়ে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তবে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের সুনির্দিষ্ট সংখ্যা আলাদাভাবে প্রকাশ করা হয়নি।





