আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ ৭২ শতাংশ বেড়েছে, বেড়েছে খুন ও অপহরণ

প্রকাশ:

জুলাই মাসের তুলনায় আগস্টে দেশে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ৭২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি গত দুই মাসের মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেছে। এতে দেখা যায়, আগস্ট মাসে ধর্ষণ, হত্যা, আত্মহত্যা এবং অপহরণ বা নিখোঁজের মতো অপরাধের প্রবণতা জুলাইয়ের চেয়ে বেশি ছিল।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা বেড়ে ৩২৭টিতে দাঁড়িয়েছে, যা জুলাই মাসে ছিল ৩০৬টি। অর্থাৎ এক মাসে এ ধরনের অপরাধের হার ৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এর মধ্যে নারী ও শিশু হত্যার ঘটনা জুলাইয়ের ৫২টি থেকে বেড়ে আগস্টে ৯১টিতে পৌঁছেছে, যা প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

এমএসএফের পর্যালোচনায় আরও দেখা গেছে, আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ ৭২ শতাংশ এবং ধর্ষণ ও হত্যার ঘটনা ৬৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি আত্মহত্যা ৩৯ শতাংশ, অপহরণ ও নিখোঁজের ঘটনা ৮ শতাংশ এবং বেআইনি সালিশের ঘটনা ৩৩ শতাংশ বেড়েছে। এছাড়া মাদক মামলায় আটকের সংখ্যা ১২৯ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে অনলাইন জুয়া-সংক্রান্ত সহিংসতার তথ্যও উঠে এসেছে। লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় এক শিক্ষক নিহত এবং একজন আহত হয়েছেন। এছাড়া আগস্ট মাসে অনলাইনে জুয়ার ঘটনায় আরও চারজন আটক হয়েছেন বলে জানানো হয়।

মানবাধিকার লঙ্ঘনের গুরুতর কিছু ঘটনার বিবরণ দিয়ে এমএসএফ জানায়, গাইবান্ধায় ধর্ষণের অভিযোগের ঘটনায় ভুক্তভোগী নারীকে অভিযুক্ত ব্যক্তির সাথে সাত লাখ টাকা দেনমোহরে বিয়ের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া নোয়াখালীতে ১১ বছরের এক শিশুকে যৌন হয়রানির দায়ে গ্রাম্য সালিশে ৫০ বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা এবং শরীয়তপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা এক লাখ টাকায় মীমাংসার অভিযোগ উঠেছে। আগস্ট মাসে তিনটি জীবিত নবজাতককে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের তথ্যও দিয়েছে সংস্থাটি, যেখানে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার ঘটনা বিরল বলে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন