কিশোরগঞ্জের ইটনায় ২৪ ঘণ্টার ব্যবধানে ফের হাওরে ডাকাতি

প্রকাশ:

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাওরে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেরপুর সেতুসংলগ্ন বগাডুবি খালের কাছে এই ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, এ সময় ডাকাতরা তাদের নৌকা থেকে হাঁড়ি-পাতিল, ইঞ্জিনের প্রয়োজনীয় সরঞ্জাম, দুটি মোবাইল ফোন এবং নগদ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী সদরঞ্জন দাস জানান, তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তিনি অপর একজনের সঙ্গে হাঁসের বাচ্চা কেনার উদ্দেশ্যে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা এলাকায় যাচ্ছিলেন। পথে বর্শিকুড়া-শেরপুর সেতুসংলগ্ন এলাকায় পৌঁছালে হেলমেট পরিহিত সাতজনের একটি সশস্ত্র দল তাদের নৌকার গতিরোধ করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়।

নদীতে পাহারার দায়িত্বে থাকা ফুল মিয়া জানান, বগাডুবি খালের দিক থেকে চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে আতঙ্কিত অবস্থায় থাকা দুই ব্যক্তিকে উদ্ধার করেন এবং পরে তাদের বর্শিকুড়া বাজারে নিয়ে আসেন। স্থানীয় বাসিন্দা রুমেল মিয়া জানান, খবর পেয়ে বাজারের লোকজন নৌকা নিয়ে ডাকাতদের ধাওয়া করলেও, ডাকাতদের নৌকাটি এলংজুরী ইউনিয়নের দিকে চলে যাওয়ায় অন্ধকারের সুযোগে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান জানান, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন