কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত ২৬তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, চলমান বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে দুই নেতার এই আলোচনায় অর্থনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি অংশীদারত্ব এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।
বৈঠকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের বিষয়টি উঠে আসে। প্রধানমন্ত্রী মোদি এ সময় স্পষ্টভাবে জানান যে, ভারত সব ধরনের শান্তিপূর্ণ উদ্যোগের প্রতি সমর্থন জানায় এবং এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে দেশটির সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে মোদি বলেন, সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান সমগ্র মানবতার জন্যই প্রয়োজন এবং ভারত সবসময়ই আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে।
এর আগে একই দিনে নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করেছেন। সেই আলোচনায় পারস্পরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভারতীয় নাবিকদের বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।





