বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশ:

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন দফায় হামলার পর বুশেহর প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের একটি স্থাপনায় বড় ধরনের আগুন লাগার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিও এবং ওপেন-সোর্স গোয়েন্দা তথ্যভিত্তিক বিভিন্ন সূত্রে এই অগ্নিকাণ্ডের বিষয়টি উঠে এসেছে। তবে গালফ নিউজ স্বাধীনভাবে ওই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি এবং ইরানি কর্তৃপক্ষও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য প্রদান করেনি।

এর আগে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব দেওয়ার কথা বলে গত মঙ্গলবার রাতে ইরানজুড়ে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, কৌশলগত ওই নৌপথে নৌযান চলাচলের ওপর ইরানের হুমকি দুর্বল করাই তাদের এই অভিযানের মূল লক্ষ্য ছিল। যুক্তরাষ্ট্রের এই হামলার দাবির পরই আইআরজিসির স্থাপনায় অগ্নিকাণ্ডের খবর সামনে আসে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বুশেহর ও এর আশপাশে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। স্থানীয় বাসিন্দারাও প্রদেশজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। তবে কোনো নির্দিষ্ট স্থাপনায় হামলা হয়েছে বা এতে কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদাগার, ড্রোন অবকাঠামো বা কমান্ড স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে ওয়াশিংটন বা তেহরান—কোনো পক্ষই এখনো ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন প্রকাশ করেনি। এর পাশাপাশি, এই হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন লক্ষ্যবস্তুতে ইরান পাল্টা হামলা চালিয়েছে বলেও খবর পাওয়া গেছে। এছাড়া ইরানজুড়ে বন্দর আব্বাস ও চাবাহারেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন