রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এই এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে।
আজ সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচি অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর ৫টা ৪০ মিনিটে সূর্যোদয় হবে।





