এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭ জন রোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। রোববার (৩০ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সর্বশেষ এই তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আগস্ট মাসে এখন পর্যন্ত ৩৯ জন, জুলাই মাসে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রামের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। নতুন আক্রান্ত ১ হাজার ৯৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৪৯ জন, খুলনা বিভাগে ২৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, বরিশাল বিভাগে ১২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী রয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে। এর মধ্যে ঢাকা বিভাগে ১৩ হাজার ৭২০ জন, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৩১৮ জন, খুলনা বিভাগে ৫ হাজার ২৮৭ জন, বরিশাল বিভাগে ৫ হাজার ৭০৬ জন, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৮২২ জন, রাজশাহী বিভাগে ১ হাজার ৭৭৯ জন, রংপুর বিভাগে ৮৮৬ জন এবং সিলেট বিভাগে ১৬৫ জন রোগী শনাক্ত হয়েছেন।





