২০ টাকা ঋণ নিয়ে দ্বন্দ্ব: ২৫ বছর পর খুনের দায়ে যাবজ্জীবন

প্রকাশ:

রাজধানীর গোপীবাগে ২৫ বছর আগে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের ঘটনায় মনির হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৩ এর বিচারক জাহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি ওই আসামিকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথিপত্র ও আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ৪ ডিসেম্বর বিকেলে গোপীবাগ এলাকার মসজিদ থেকে নামাজ পড়ে বের হন নজির আহম্মদ। বাড়ি ফেরার পথে তিনি দেখেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা তার ছেলে বিপ্লব বশিরকে মনির হোসেন একাধিকবার ছুরিকাঘাত করছেন। বিপ্লবের চিৎকারে নজির আহম্মদসহ স্থানীয় কয়েকজন দৌড়ে গিয়ে মনিরকে জাপটে ধরে ফেলেন। গুরুতর আহত বিপ্লবকে উদ্ধার করে প্রথমে মনোয়ারা হাসপাতালে এবং পরে ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা নজির আহম্মদ ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মনিরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। মামলাটি তদন্ত করে ২০০২ সালের ৩১ মার্চ ডেমরা থানার উপপরিদর্শক আ. জব্বার আদালতে অভিযোগপত্র জমা দেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, মনিরের কাছ থেকে বিপ্লব ২০ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করেই মনির বিপ্লবকে খুন করেন।

২০০২ সালের ৩ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করেন। মামলার আসামি মনির হোসেন ২০০৯ সালে জামিন পেলেও পরবর্তী সময়ে আদালতে হাজির না হওয়ায় ২০১৩ সালের ৩১ অক্টোবর তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

শেয়ার করুন