গুম প্রতিরোধ বিলকে দুর্বল আখ্যা দিয়ে বিরোধী দলের ওয়াকআউট

প্রকাশ:

জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য মো: নূরুল ইসলাম ও মো: আব্দুল বাতেন। রোববার সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে আলোচনা হচ্ছিল। বিরোধী দলীয় এই দুই সদস্য বিলটিকে ‘দুর্বল’ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ‘সুবিধাজনক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে সভা বর্জন করেন।

বৈঠক থেকে বেরিয়ে নূরুল ইসলাম বুলবুল গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের ১৪ নম্বর ধারা নিয়ে আপত্তি তুলে বলেন, ওই ধারায় গুমের অভিযোগ এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্তের দায়িত্ব দেয়ার কথা বলা হয়েছে। তার মতে, গুমের তদন্তের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেয়া হলে ভুক্তভোগীরা সঠিক বিচার পাবেন না, বরং এটি বাহিনীকে দায়মুক্তি দেয়ার একটি প্রক্রিয়া হিসেবে কাজ করবে। তিনি বিলটিকে জনবান্ধব বা ভিকটিমবান্ধব না বলে আইনশৃঙ্খলা বাহিনী-বান্ধব হিসেবে অভিহিত করেন।

বুলবুল আরও বলেন, তারা সামগ্রিক সংস্কার চান, কিন্তু সরকার সংস্কার প্রক্রিয়াকে বাইপাস করে নিজেদের মতো করে বিল আনছে। তিনি উল্লেখ করেন, গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে এ বিষয়ে বক্তব্য দেয়া হয়েছিল। এর আগে ল্যাপস হয়ে যাওয়া ২০টি বিলের প্রতিবাদে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন। গুম প্রতিরোধ ও প্রতিকার এবং মানবাধিকার-সংক্রান্ত বিলও ওই প্রক্রিয়ার অংশ ছিল বলে তিনি দাবি করেন। এছাড়া গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

কমিটির সভাপতি জয়নুল আবেদীন এই ওয়াকআউটের বিষয়ে মন্তব্য করেন যে, কমিটির সদস্যদের কোনো বিষয়ে দ্বিমত থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে, তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির পরিপন্থী।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উল্লেখ করা হয় যে, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি। এছাড়া মিরাজ শেখের অপহরণের ঘটনায় সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা বা ‘ব্লেম গেম’ পরিহার করার ওপর গুরুত্ব দেয়া হয়। কমিটির পক্ষ থেকে গুম প্রতিরোধে আইন প্রণয়নের উদ্যোগের জন্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়েছে।

শেয়ার করুন