ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় শনিবার রাত ৮টায় মাসব্যাপী ‘ডাকসু লেখালেখি ও নাট্য কর্মশালা’-এর সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারী প্রায় সাড়ে সাতশ’ শিক্ষার্থীর মধ্য থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
ডাকসু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের আয়োজনে এবং নটনাট্য ও বাংলাদেশ সাহিত্যকেন্দ্রের ব্যবস্থাপনায় পরিচালিত এই কর্মশালায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল লেখালেখির বিভিন্ন কৌশল, গল্প ও নাট্যরচনা, চরিত্র নির্মাণ, সংলাপ, অভিনয় এবং মঞ্চ উপস্থাপন। আয়োজকদের মতে, এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চর্চার প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে ডাকসুর অন্যান্য প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও কর্মশালার আয়োজক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ সাহিত্য কেন্দ্রের সভাপতি কবি আফসার নিজাম, নটনাট্যের সভাপতি নাট্যকার ও নির্দেশক হুসনে মোবারক, তাইরান সম্পাদক তাসনিম মাহমুদ, নাট্যাভিনেতা সরদার আব্বাস, নির্মাতা এইচএম নুর, আবৃত্তিকার তারিক হাসিব এবং নাট্য অভিনেত্রী উম্মে হানী মেঘলা উপস্থিত ছিলেন।





