নেপালে ভয়াবহ বন্যা: ৬৭৫ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ২,৪০০

প্রকাশ:

নেপাল ও তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক বন্যায় এ পর্যন্ত ৬৭৫ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের পর আজ রোববার (৩০ আগস্ট) পঞ্চম দিনেও উদ্ধার কার্যক্রম জোরালোভাবে অব্যাহত রয়েছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে নিহতের সংখ্যা অন্তত ৬৭৫ জন। এ ছাড়া এখনো ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে ১৮ হাজার ৭০০-এরও বেশি উদ্ধারকর্মী দিনরাত কাজ করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, হিমবাহ ধসে পড়ার কারণেই এই ভয়াবহ পানির স্রোত ও বন্যার সৃষ্টি হয়েছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আরও ৩২০ জন বিদেশি নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের মধ্যে ভারতের ১৬৭ জন, চীনের ৪০ জন, ইউক্রেনের ৮ জন, জার্মানির ৪ জন, মাল্টার ৪ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, ইতালির ২ জন, রাশিয়ার ২ জন, স্পেনের ২ জন, সুইজারল্যান্ডের ২ জন, তুরস্কের ২ জন রয়েছেন। এ ছাড়া বেলজিয়াম, বুলগেরিয়া, ওমান এবং পর্তুগালের একজন করে নাগরিক রয়েছেন এবং আরও ২১ জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং সেখানে আরও ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন। সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালানো অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

শেয়ার করুন