আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তারা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে মার্কিন ও ন্যাটোর সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার পর তালেবান এখন তাদের পূর্বের শত্রুতাপূর্ণ নীতি পরিবর্তন করতে চায় বলে তিনি উল্লেখ করেছেন। তালেবান যোদ্ধারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দুই যুগের বেশি সময় ধরে যুদ্ধ করে তাদের আফগানিস্তান থেকে হটাতে বাধ্য করেছিল, তবে সেই তিক্ততা ভুলে এখন মার্কিনিদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আগ্রহের কথা জানালেন জাবিহুল্লাহ।
আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ শনিবার (২৯ আগস্ট) জানিয়েছে, ভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় এবং তারা যুদ্ধের সময়কার নীতি থেকে সরে আসতে আগ্রহী। তিনি আরও বলেন, তারা চান আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং ওয়াশিংটনে আফগানিস্তানের দূতাবাস আবারও স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম শুরু করুক। দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক পুনর্গঠিত হওয়াই তাদের প্রত্যাশা।
মুজাহিদ স্পষ্ট করে বলেন, আফগানিস্তান এই অঞ্চলে কোনো ধরনের যুদ্ধ চায় না। এছাড়া সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তি নিয়ে কোনো উদ্বেগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তাদের কোনো উদ্বেগ নেই। কারণ এই তিন দেশের কারও সঙ্গেই তালেবানের শত্রুতা নেই। বরং ইসলামিক দেশগুলোর মধ্যে যেকোনো জোট হলে তা ভালো, কারণ এতে মুসলিমদের শক্তি বৃদ্ধি পায় বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া মার্কিন ও ন্যাটোর সেনাদের বিরুদ্ধে দীর্ঘ ২০ বছর যুদ্ধ করার সময় যে নীতি ছিল সেটিও পরিবর্তন চান বলে জানান তিনি।





