নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৭০০, নিখোঁজ ৩ হাজার

প্রকাশ:

নেপাল ও চীনে আঘাত হানা ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৬৭৫ জন এবং চীনে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দুই দেশে এখনও প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বিভিন্ন দেশের শত শত বিদেশি রয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নেপালে ধ্বংসস্তূপ ও পানির নিচে তলিয়ে থাকা মরদেহ উদ্ধারে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। এই দুর্যোগ মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র নেপালকে ৩৬ লাখ ডলার প্রদানের ঘোষণা দিয়েছে, যা তাদের পূর্বঘোষিত ৫ লাখ ডলার সহায়তার অতিরিক্ত।

চীনে গত বুধবারের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, নিখোঁজের সংখ্যা কমে ৫৪৬ জনে নেমে এসেছে, যাদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক। এই নিখোঁজ বিদেশিদের মধ্যে ১৮ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।

নেপাল পুলিশের তথ্যমতে, দেশটিতে দুর্যোগে ৬৭৫ জনের প্রাণহানি ঘটেছে এবং এখনও ২ হাজার ৪০০ জনের বেশি মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে পর্যটক ও বিদেশি কর্মীসহ ৫৮৯ জন বিদেশি রয়েছেন। সব মিলিয়ে নেপাল ও বিদেশি নাগরিক মিলিয়ে মোট ৭৫৩ জন পর্যটকের সন্ধান পাওয়া যাচ্ছে না, যাদের মধ্যে ১৮৩ জন ভারতীয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৮৮ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে ২৮৭ জন এখনও নিখোঁজ। শনিবার একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত চার ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৃত ক্ষয়ক্ষতি ও নিখোঁজের সংখ্যা নিরূপণের কাজ চলমান থাকায় হতাহতের এই সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে। দুর্যোগের পর নতুন করে বন্যার আশঙ্কায় ভোতেকোশি ও ত্রিশূলী এলাকার বাসিন্দা এবং উদ্ধারকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন