দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে অধিদপ্তর জানিয়েছে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৬৪টি শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৬৩টি শিশুর মৃত্যু হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ৮৬৪ জন হামের উপসর্গ নিয়ে অসুস্থ রয়েছে। এই সময়ের মধ্যে ৭৮৪টি শিশু হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৮০৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৬৭৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৫৩ জনের। এখন পর্যন্ত মোট এক লাখ ৩৬ হাজার ২৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে এক লাখ ৩১ হাজার ২৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।





