সন্ত্রাস দমন এবং অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে মাদক চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজি নির্মূলে এই বিশেষ কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রাপ্ত ইন্টেলিজেন্স সাপোর্টের ভিত্তিতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযান আরও কার্যকর করতে নতুন কিছু কৌশল প্রণয়ন করা হয়েছে, যা আপাতত প্রকাশ করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি দেখাতে ব্যর্থ হলে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম। এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার এক পর্যায়ে মন্ত্রী বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।





