চট্টগ্রাম অভিমুখে জামায়াত ও এনসিপির লংমার্চের ঘোষণা আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরার পথ তৈরি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (২৮ আগস্ট) বিকালে ঝিনাইদহ সদর উপজেলায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, জামায়াত নেতা দাবি করেছেন বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের চেয়ে খারাপ আচরণ করছে বিরোধী দলের সঙ্গে। তিনি এই বক্তব্যের ধিক্কার জানিয়ে বলেন, জামায়াত ও এনসিপি মিলে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এবং আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। জনগণ তাদের এই অপপ্রয়াস মেনে নেবে না।
তিনি আরও বলেন, এনসিপি যেদিন জামায়াতের সঙ্গে যোগ দিয়েছে, সেদিন থেকেই তারা ধ্বংস হয়ে গেছে। এখন সর্বত্রই বলা হচ্ছে, 'যাহাই জামায়াত, তাহাই এনসিপি'। বাংলাদেশপন্থী জনগণ দেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী অভিযোগ করে বলেন, জামায়াত ও এনসিপির এমপিরা সংসদে সরকারি দলের এমপিদের মতো সুবিধা পাওয়ার দাবি করছেন। অথচ ১৭ বছর ধরে জামায়াত তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি। এখন তারা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, যা জনগণ কখনোই পূরণ হতে দেবে না।
সংসদের কার্যক্রম নিয়ে রাশেদ খাঁন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চলাকালে ১১ দলীয় জোটের এমপিরা হট্টগোল করে বিরোধিতা করেছে। একদিকে তারা গুম কমিশনের মাধ্যমে বিচার চাইছে, অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এটিই জামায়াতের আসল চরিত্র বলে মন্তব্য করেন তিনি।





