ফিফা দুর্নীতি: ৫০ মিলিয়ন ডলার জরিমানা দিয়ে দায়মুক্ত জিনকিস পরিবার

প্রকাশ:

বিশ্ব ফুটবলের ইতিহাস কাঁপানো দুর্নীতি মামলায় অপরাধ স্বীকার করে মার্কিন প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন আর্জেন্টিনার দুই স্পোর্টস মার্কেটিং নির্বাহী হুগো জিনকিস (৮১) ও তার ছেলে মারিয়ানো জিনকিস (৫১)। গত ২৭ আগস্ট বৃহস্পতিবার এক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের বিচারপ্রক্রিয়া ও সম্ভাব্য কারাদণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন তারা। তবে এই সমঝোতার বিনিময়ে তাদের ৫০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৬০০ কোটি টাকা জরিমানা গুনতে হচ্ছে।

আর্জেন্টিনাভিত্তিক স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান ‘ফুল প্লে’-এর মালিক এই বাবা-ছেলের বিরুদ্ধে ফিফা, কনমেবল (দক্ষিণ আমেরিকা) এবং কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা)-এর বিভিন্ন টুর্নামেন্টের সম্প্রচার ও বিপণনস্বত্ব হাতিয়ে নিতে ফুটবল কর্তাদের কোটি কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ছিল। বিশেষ করে কোপা আমেরিকা এবং বিশ্বকাপ বাছাই পর্বের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মিডিয়া স্বত্ব নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য তারা আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রকদের পকেটে অনৈতিকভাবে অর্থ ঢালতেন।

মার্কিন আদালতের নথিতে উঠে এসেছে যে, আন্তর্জাতিক ফুটবল সংস্থাসমূহকে প্রতারিত করার একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিলেন জিনকিস পরিবার। লাভজনক টুর্নামেন্টগুলোর স্বত্ব দখলে রাখতে ধাপে ধাপে ফুটবল কর্তাদের লাখ লাখ ডলার ঘুষ প্রদান করা হতো। উল্লেখ্য যে, ২০১৫ সালে সুইজারল্যান্ডের জুরিখের একটি বিলাসবহুল হোটেলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর ঝটিকা অভিযানের মাধ্যমেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এর সহযোগী আঞ্চলিক সংস্থাগুলোর দুর্নীতির এই থলের বিড়াল বেরিয়ে আসে। সেই আলোচিত অভিযানের অন্যতম মূল অভিযুক্ত ছিলেন জিনকিস পরিবারের এই সদস্যরা।

শেয়ার করুন