যুক্তরাষ্ট্রে ডেলিভারি কাজ করার সময় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের কাজ করার সময় দুর্বৃত্তদের গুলিতে মাহফুজুল হক নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মাহফুজুল হকের গ্রামের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায় এবং তিনি নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা ছিলেন।

ফিলাডেলফিয়া পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাতে কিংসেসিং এলাকায় ডেলিভারি দেয়ার সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার ঠিক আগে সাউথ ইথান স্ট্রিট ব্লকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাহফুজুল হককে তার গাড়ির পাশে রাস্তায় পড়ে থাকতে দেখেন, তখনো গাড়িটির ইঞ্জিন চালু ছিল। ৪৩ বছর বয়সী মাহফুজুল হকের মাথার পেছনের অংশে গুলির আঘাত ছিল। তাকে উদ্ধার করে পেন প্রেসবিটেরিয়ান মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মাহফুজুলের মোবাইল ফোন, তার ব্যবহৃত ডোরড্যাশ ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের গুলি থেকে নির্গত দুটি খোসা উদ্ধার করেছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে ফিলাডেলফিয়া পুলিশ বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছে।

নিহত মাহফুজুল হক এর আগে আল-শাম উইলো গ্রোভ-এর কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। এই ঘটনায় পেনসিলভেনিয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন