জামায়াতে ইসলামী বিগত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মন্তব্য করেছেন যে, বিরোধী দলের সঙ্গে সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি। রাশেদ খাঁন বলেন, তিনি আগেই আশঙ্কা করেছিলেন যে ভবিষ্যতে জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আন্দোলন করবে, যা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে স্পষ্ট হয়েছে।
তিনি আরও লেখেন, তাহের সাহেবের বক্তব্য অনুযায়ী, সেপ্টেম্বর-নভেম্বর লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করে ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ জামায়াত মাঠে নামবে। রাশেদ খাঁনের মতে, এই বক্তব্যের মাধ্যমে ২৪-এর গণঅভ্যুত্থানে ১৪০০-এর অধিক শহীদ এবং ৩০,০০০ আহত যোদ্ধার রক্তের গুরুত্বকে অস্বীকার করা হয়েছে।
জামায়াত ১৯৭১ সালে এর চেয়ে বেশি রক্ত ঝরিয়েছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, এজন্যই জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়। তিনি প্রশ্ন রাখেন, যদি আওয়ামী লীগ জামায়াতের ওপর দমন-পীড়ন না চালিয়ে থাকে, তবে কীভাবে এমন মন্তব্য করা সম্ভব।
পোস্টের শেষে তিনি লেখেন, জামায়াত বিগত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল, তাই আওয়ামী লীগ কেন তাদের সঙ্গে খারাপ আচরণ করবে? তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের অপরাধকে স্বাভাবিক বা নরমালাইজ করার জন্য তাহের সাহেবেরা মাঠে নতুন বয়ান ছাড়ছেন এবং নাহিদ ইসলাম পাশে দাঁড়িয়ে তা উপভোগ করছেন। তিনি তার পোস্টটি 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান দিয়ে শেষ করেন।





