আর্থিক অসচ্ছলতার কারণে যারা নিয়মিত চক্ষু চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে পারেন না, এমন সুবিধাবঞ্চিত মানুষের জন্য বগুড়ায় দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বগুড়া পৌর হাইস্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এ ক্যাম্পে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৫ হাজার নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের উদ্যোগে এবং আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় এই মানবিক কার্যক্রমটি পরিচালিত হয়। ক্যাম্পের মূল লক্ষ্য ছিল ছানি ও দৃষ্টিশক্তিজনিত সমস্যায় আক্রান্ত নিম্নআয়ের মানুষদের কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।
দিনব্যাপী এই কার্যক্রমে চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করেন। ক্যাম্প পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আহমেদ তাহের হামিদ আলী। এ সময় স্থানীয় বিএনপি নেতারাও উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরীক্ষাকালে প্রায় ৫০০ জন রোগীকে ছানি ও দৃষ্টিশক্তিজনিত সমস্যার জন্য অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এসব রোগীদের বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে বিনামূল্যে লেন্সসহ ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের অস্ত্রোপচার সম্পন্ন করা হবে।
সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা। প্রয়োজনে চক্ষু চিকিৎসার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যসেবাও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।





