বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে: সারজিস আলম

প্রকাশ:

বিএনপি সরকারের গত ছয় মাসের কার্যকাল নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দাবি করেছেন, সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর শহরের সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এনসিপির জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বর্তমান সরকার জ্বালানি ও আইনশৃঙ্খলাসহ তিনটি প্রধান খাতে অগ্রাধিকার নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে তারা ওইসব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বর্তমানে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। মধ্যবিত্ত শ্রেণীও এখন ঋণগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ এখন গ্যাস ও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া বিভিন্ন কলকারখানা থেকে কর্মী ছাঁটাইয়ের ঘটনাও ঘটছে। সরকার তাদের এই ব্যর্থতা স্বীকার করতে চায় না বলে তিনি অভিযোগ করেন।

সংসদের কার্যক্রম নিয়ে সমালোচনা করে সারজিস আলম বলেন, সংসদকে সরকার দলীয় করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা দেশের গণতান্ত্রিক চর্চার জন্য শুভফল বয়ে আনবে না। তিনি বর্তমান সরকারকে বিরোধী দলের কথা শোনার পরামর্শ দিয়ে বলেন, সরকার যদি জনগণের কল্যাণে কাজ করে তবে এনসিপি তাদের সহযোগিতা করবে। অন্যথায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গেলে এনসিপি সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শেয়ার করুন