নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় অন্তত ১৭ হাজার শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইউনিসেফের নেপাল প্রতিনিধি অ্যালিস আকুঙ্গা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাসুয়া ও ধাদিং জেলার শিশুরা অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে তাদের জীবন চোখের সামনে ভেসে যেতে দেখেছে। বন্যায় ঘরবাড়ি, শ্রেণিকক্ষ এবং চিকিৎসাকেন্দ্রগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আকুঙ্গা আরও জানান, এই বিপর্যয় এখনো চলমান এবং বন্যায় মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বন্যা থেকে বেঁচে যাওয়া শিশুরা এখন রোগবালাই, অপুষ্টি, সহিংসতা এবং শোষণের মতো নানা ধরনের স্বাস্থ্য ও নিরাপত্তাঝুঁকির মুখে রয়েছে।
ইউনিসেফের মতে, ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য জরুরি ভিত্তিতে সহায়তা নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যার পর বিশুদ্ধ পানি, পর্যাপ্ত খাবার, স্বাস্থ্যসেবা ও নিরাপদ আশ্রয়ের তীব্র অভাব শিশুদের ঝুঁকি আরও বহুগুণ বাড়িয়ে দিতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।





