নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বন্যায় এখন পর্যন্ত মোট ৩৯২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া এখনো প্রায় এক হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, বুধবার সকাল থেকেই ৩৪টি দেশের ৬৬৮ জন পর্যটকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিখোঁজ পর্যটকদের একটি বড় অংশ ট্রেকিং অভিযানে ছিলেন। নিখোঁজদের তালিকায় রয়েছেন ভারতের ২৮৮ জন, যুক্তরাষ্ট্রের ৯০ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৫ জন নাগরিক।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ১০০ জন চীনা নাগরিক রয়েছেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, তিব্বতের গিয়িরং কাউন্টিতে ২৬০ জন বিদেশি নাগরিকসহ মোট ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলগুলো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে।





