তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প, বন্যার আশঙ্কায় চতুর্থ স্তরের সতর্কতা

প্রকাশ:

চীনের তিব্বত অঞ্চলে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে এই কম্পন অনুভূত হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এই ভূমিকম্পের কেন্দ্রস্থলটি নেপাল ও চীনের যেসব অঞ্চল বুধবার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার থেকে কয়েক শ মাইল উত্তরে অবস্থিত। এর আগে বুধবার চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানিয়েছিল যে, তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

ভূমিকম্পের পাশাপাশি তিব্বতে একটি ‘ব্যারিয়ার লেক’ বা প্রাকৃতিকভাবে পানি আটকে তৈরি হওয়া হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় চীন সরকার চতুর্থ স্তরের বন্যা মোকাবিলা ব্যবস্থা চালু করেছে। দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষকে হ্রদটির পানির স্তর ও বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে। এছাড়া পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সহায়তার জন্য গিরং কাউন্টিতে একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে।

শেয়ার করুন