নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০

প্রকাশ:

নেপাল-তিব্বত সীমান্তে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে পৌঁছেছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দুর্গম অঞ্চলগুলোতে উদ্ধারকাজ জোরদার করা হয়েছে।

বুধবারের এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের তিব্বত সীমান্তসংলগ্ন এলাকা। নিখোঁজদের তালিকায় অন্তত ৭০০ জন বিদেশি পর্যটক রয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। বন্যার প্রবল স্রোতে একটি গুরুত্বপূর্ণ সড়ক ভেসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উল্লেখ্য, এই সড়ক দিয়ে পর্যটক, পর্বতারোহী ও তীর্থযাত্রীদের নিয়মিত যাতায়াত ছিল, যার ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকারী দলগুলো হেলিকপ্টার ব্যবহার করে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। দুর্গম শহর ও উপত্যকায় আটকা পড়া হাজারো মানুষের কাছে আকাশপথে তাঁবু, খাবার ও প্রয়োজনীয় জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ধ্বংসযজ্ঞের এই ভয়াবহতার মধ্যেও অলৌকিকভাবে কয়েকজনের বেঁচে ফেরার খবরও পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা প্রাথমিক পর্যালোচনায় জানিয়েছেন, হিমবাহ ধসের কারণেই এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। তবে বিপর্যয়ের প্রকৃত কারণ নিশ্চিত করতে এবং নিখোঁজদের অবস্থান শনাক্ত করতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন